শেষ ষোলোর শেষ আটটি দলকে পেয়ে গেল উয়েফা চ্যাম্পিয়নস লিগ। ৩৬ দলের লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ আট দল সরাসরি উঠে যায় শেষ ষোলোতে। নবম থেকে ২৪তম ১৬টি দল খেলে প্লে-অফ। মঙ্গলবার ও বুধবার রাতে প্লে-অফ পর্বের দ্বিতীয় লেগ শেষে আটটি দল উঠে গেছে শেষ ষোলোতে।
এবার শেষ ষোলোর ড্রয়ের অপেক্ষা। অবশ্য খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না। আগামীকাল শুক্রবারই যে ড্র। সুইজারল্যান্ডের নিওনে হাউস অব ইউরোপিয়ান ফুটবলে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ড্র অনুষ্ঠান।
ড্রতে সরাসরি শেষ ষোলোতে ওঠা আট দল বাছাই এবং প্লে-অফ খেলে ওঠা আট দলকে অবাছাই বিবেচনা করা হবে। তবে এবারের ড্র পুরোপুরি উন্মুক্ত নয়। লিগ পর্বের অবস্থান বিবেচনা করেই নকআউট পর্বের কাঠামো সাজিয়েছে উয়েফা। আর এ কারণেই শেষ ষোলোর সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে দুটি দলের নাম জেনে গেছে ক্লাবগুলো।
ওই দুই দলের কোনটিকে প্রতিপক্ষ হিসেবে পাওয়া যাবে ড্রতে, নির্ধারিত হবে সেটিই। এ মৌসুমে এরপর আর কোনো ড্র নেই। এরপর কে কোন পথে ফাইনালে যেতে পারে, তা নির্ধারিত হয়ে গেছে আগেই।
0 Comments